বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও একুশের চেতনাকে কর্মমুখী জাতীয় দায়িত্বে রূপান্তরের আহ্বান জানানো একটি ভাবনামূলক বাণী।

সাদিয়া সুলতানা রিমি
লেখক, সাংবাদিক ও বিতার্কিক
একুশ মানেই কেবল অতীতের স্মৃতিচারণ নয়; একুশ মানে বর্তমানকে প্রশ্ন করা এবং ভবিষ্যৎকে গড়ার অঙ্গীকার। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন, তারা শুধু একটি স্বীকৃতির জন্য লড়েননি; তারা একটি মর্যাদাবোধ, একটি আত্মপরিচয় এবং একটি স্বাধীন চিন্তার জায়গা নিশ্চিত করতে চেয়েছিলেন।
আজ আমরা বাংলা ভাষায় কথা বলি, লিখি, অনুভব করি, কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যিই বাংলা ভাষাকে তার প্রাপ্য মর্যাদা দিতে পেরেছি? প্রযুক্তির ভাষা, উচ্চশিক্ষার ভাষা, গবেষণার ভাষা কিংবা রাষ্ট্র পরিচালনার ভাষা হিসেবে বাংলা এখনো অনেক ক্ষেত্রেই পিছিয়ে। এই বাস্তবতা আমাদের ভাবায়, এবং আমাদের নতুন করে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
এই দায়িত্ববোধ থেকেই ‘শহিদ দিবস’-এর চেতনাকে ধারণ করে ‘বাংলা ভাষা দিবস’ হিসেবে দিনটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চিন্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি নাম পরিবর্তন নয়; এটি একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন যেখানে স্মৃতির পাশাপাশি কর্মপরিকল্পনাও সমান গুরুত্ব পায়। ভাষার শুদ্ধতা রক্ষা, আধুনিক প্রয়োগ নিশ্চিত করা এবং নতুন প্রজন্মের মাঝে ভাষাপ্রীতি জাগিয়ে তোলার জন্য একটি নির্দিষ্ট জাতীয় দিন আমাদের কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করতে পারে।
একুশে ফেব্রুয়ারিকে যদি আমরা একইসঙ্গে ‘বাংলা ভাষা দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে দেখি, তাহলে এটি আমাদের জন্য দ্বিমাত্রিক এক শক্তিতে পরিণত হবে— একদিকে জাতীয় চেতনার গভীরতা, অন্যদিকে বৈশ্বিক দায়বদ্ধতার বিস্তার। এই সমন্বয়ই পারে ভাষার অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সুতোয় গেঁথে দিতে।
ভাষা শুধু আবেগ নয়, এটি একটি দায়িত্ব। সেই দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।
— সমাপ্ত —
লেখক পরিচিতি:
সাদিয়া সুলতানা রিমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী, তরুণ লেখক, সাংবাদিক ও বিতার্কিক। সমসাময়িক সামাজিক বাস্তবতা, শিক্ষাঙ্গনের পরিস্থিতি, নারী অধিকার, খাদ্য নিরাপত্তা ও তরুণ প্রজন্মের নানা সংকট বিষয়ে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম ও মতামতধর্মী লেখা প্রকাশ করেন। যৌক্তিক বিশ্লেষণ ও স্পষ্ট অবস্থানের জন্য তিনি পাঠকমহলে পরিচিত। তিনি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ইমেইল: sadia15.jnu@gmail.com
COMMENTS