
বাংলা ভাষা দিবস একটি জাতীয় ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন ভাষাভিত্তিক উদ্যোগ, যা বাংলা ভাষা পরিষদ-এর অধীনে পরিচালিত একটি আনুষ্ঠানিক কর্মসূচি।। এ উদ্যোগের মূল লক্ষ্য বাংলা ভাষার সুরক্ষা, বিকাশ, সমৃদ্ধি এবং সমসাময়িক ও ভবিষ্যৎ প্রতিকূলতা মোকাবিলায় রাষ্ট্র ও সমাজকে কার্যকরভাবে সম্পৃক্ত করা। এই উদ্যোগ বিশ্বাস করে— ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; ভাষা একটি জাতির চিন্তা, চেতনা, ইতিহাস ও সাংস্কৃতিক অস্তিত্বের ভিত্তি।
বাংলা ভাষা দিবসের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা জুলীয়াস চৌধুরী। ২০১৫ সাল থেকে তিনি ৫২’র বাংলা ভাষা আন্দোলন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট বিবেচনায় গবেষণা শুরু করেন। গবেষণার ফলস্বরূপ তিনি রাষ্ট্রীয়ভাবে ‘বাংলা ভাষা দিবস’ প্রবর্তন ও আনুষ্ঠানিক উদযাপনের দাবিতে সোচ্চার হন। তাঁর নেতৃত্বে গঠিত বাংলা ভাষা দিবস বাস্তবায়ন কমিটি কয়েক বছর ধরেই বিভিন্ন সভা, সেমিনার, গোলটেবিল আলোচনা ও সংলাপের মাধ্যমে এই দাবি উপস্থাপন করে আসছে এবং বাংলা ভাষা সংক্রান্ত বিভ্রান্তি, সীমাবদ্ধতা ও অপব্যবহার বিষয়ে জনসচেতনতা তৈরি করছে।
বাংলা ভাষা দিবসের লক্ষ্য শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যকে অস্বীকার করা নয়; বরং তার পরিপূরক হিসেবে বাংলা ভাষার জন্য একটি জাতীয়ভাবে নিবেদিত, নীতিনির্ভর ও বাস্তবায়নযোগ্য দিবস প্রতিষ্ঠা করা। এই উদ্যোগের মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার, মান, গবেষণা, প্রযুক্তিগত অভিযোজন, প্রশাসনিক প্রয়োগ এবং প্রজন্মান্তরে ভাষা-চেতনা হস্তান্তরের বিষয়গুলোকে সমন্বিতভাবে সামনে আনা হবে।
বাংলা ভাষা দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি অর্জন, বাংলাদেশব্যাপী ও বিশ্বজুড়ে দিবসটির দায়িত্বশীল উদযাপন ব্যবস্থাপনা, এবং সুস্পষ্ট নির্দেশিকা এবং প্রবিধানমালা প্রণয়ন ও প্রচার-প্রচারণার লক্ষ্যে ‘বাংলা ভাষা পরিষদ’-এর অধীনে গঠন করা হয়েছে বাংলা ভাষা দিবস বাস্তবায়ন কমিটি। এই কমিটি নীতিনির্ধারক, ভাষাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও প্রবাসী প্রতিনিধিদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো হিসেবে কাজ করছে।
বাংলা ভাষা দিবস কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ নয়; এটি একটি সর্বজনীন, অংশগ্রহণমূলক ও ভবিষ্যতমুখী ভাষা আন্দোলন। এই ওয়েবসাইট বাংলা ভাষা দিবসের দর্শন, নীতিমালা, গবেষণা, কর্মসূচি এবং চলমান উদ্যোগসমূহ সম্পর্কে স্বচ্ছ ও প্রামাণ্য তথ্য প্রদানের একটি কেন্দ্রীয় মাধ্যম হিসেবে কাজ করবে।
আমরা বিশ্বাস করি— রাষ্ট্র, সমাজ ও সমগ্র বাংলাভাষীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই বাংলা ভাষা তার যথার্থ মর্যাদা, শক্তি ও সৃজনশীল সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারে। বাংলা ভাষা দিবস সেই সম্মিলিত পথচলার একটি সংগঠিত প্রয়াস।