ভাষাশহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বাংলা ভাষাকে জ্ঞানচর্চা, গবেষণা ও প্রযুক্তিতে শক্তিশালী মাধ্যম হিসেবে গড়ে তোলার আহ্বান।

ড. মাহরুফ চৌধুরী
গবেষক ও লেখক
বাংলা ভাষা আমাদের জাতীয় সত্তা, ইতিহাস ও সংস্কৃতির গভীরতম ভিত্তি। ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল একটি ভাষার স্বীকৃতির সংগ্রাম ছিল না; এটি ছিল মানুষের সাংস্কৃতিক মর্যাদা, আত্মপরিচয় এবং ন্যায়সঙ্গত অধিকারের পক্ষে এক ঐতিহাসিক আন্দোলন। সালাম, বরকত, রফিক, জব্বারসহ ভাষাশহিদদের আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় যে একটি জাতির আত্মমর্যাদা রক্ষার সংগ্রামে ভাষা কতটা কেন্দ্রীয় ভূমিকা পালন করতে পারে।
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সামাজিক অগ্রগতির প্রধান বাহন। তাই বাংলা ভাষাকে সম্মান জানানো মানে কেবল অতীতের গৌরব স্মরণ করা নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য এর সৃজনশীল ব্যবহার, জ্ঞান-বিজ্ঞানচর্চায় প্রয়োগ এবং প্রযুক্তির সঙ্গে অভিযোজন নিশ্চিত করা। রাষ্ট্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগে বাংলা ভাষাকে জ্ঞান, গবেষণা ও প্রশাসনের কার্যকর মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করে তোলা জরুরি।
বাংলা ভাষা দিবস আমাদের সেই ঐতিহাসিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়, যা ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি ভাষার সুরক্ষা, বিকাশ ও সমৃদ্ধির দায়িত্বও আমাদের উপর অর্পণ করে। এই উপলক্ষে আমাদের প্রত্যাশা— বাংলা ভাষা আগামী প্রজন্মের কাছে আরও শক্তিশালী, সৃজনশীল ও বিশ্বমুখী এক জ্ঞানভাষা হিসেবে বিকশিত হবে।
ভাষাশহিদদের আত্মত্যাগের চেতনা আমাদের পথ দেখাক এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করুক।
###
লেখক পরিচিতি:
ড. মাহরুফ চৌধুরী যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রোহ্যাম্পটনের ভিজিটিং ফ্যাকাল্টি। উচ্চশিক্ষা, সমাজ, রাষ্ট্রনীতি ও সমসাময়িক বৈশ্বিক বিষয় নিয়ে গবেষণা ও লেখালেখি করেন।
COMMENTS